DinBarta
ঢাকা,

সবকিছু নষ্টদের অধিকারে যাবে

হুমায়ুন আজাদ
আগস্ট ২৭, ২০২৬ ৬:০৪ পূর্বাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

সবকিছু নষ্টদের অধিকারে যাবে | হুমায়ুন আজাদ

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ পরিষদ;– চলে যাবে অত্যন্ত উল্লাসে
চলে যাবে এই সমাজ সভ্যতা-সমস্ত দলিল
 নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের
 অধিকারে। চলে যাবে শহর বন্দর গ্রাম ধানখেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
 মন্দির মসজিদ গির্জা সিনেগগ নির্জন প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আঁস্তাকুড়ে ছুঁড়ে একদিন
 সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
 কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার রাত
নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ
 শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে।
রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশংকরের
 সমস্ত আলাপ হৃদয়স্পন্দন গাথা ঠোঁটের আঙুল
 ঘাইহরিণীর মাংসের চিৎকার মাঠের রাখাল
 কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে।
 চলে যাবে সেই সব উপকথা : সৌন্দর্য-প্রতিভা
 মেধা;– এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা
নির্বোধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে
অত্যন্ত উল্লাসভরে নষ্টদের অধিকারে যাবে।

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
 সবচে সুন্দর মেয়ে দুই হাতে টেনে সারারাত
চুষবে নষ্টের লিঙ্গ; লম্পটের অশ্লীল ঊরুতে
 গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। চলে যাবে,
কিশোরীরা চলে যাবে, আমাদের তীব্র প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা করে চলে যাবে, নষ্টদের
 উপপত্নী হবে। এই সব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র
শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের ঠোঁট
 গদ্যপদ্য আমার সমস্ত ছাত্রী মার্কস-লেনিন,
 আর বাঙলার বনের মতো আমার শ্যামল কন্যা
 রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।

আরও পড়ুনঃ প্রার্থনা…

আরও পড়ুনঃ দ্য সিক্রেট অফ সিক্রেটস | ড্যান ব্রাউন

key: সবকিছু নষ্টদের অধিকারে যাবে | tag: সবকিছু নষ্টদের অধিকারে যাবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

DinBarta | দিনবার্তা টেলিগ্রাম চ্যানেলে যোগদিন.