আইনি মারপ্যাঁচে আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন?
আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের মহাযজ্ঞ শুরু হয়েছিল, তার চূড়ান্ত আইনি রূপ দেওয়ার কথা ছিল নির্বাচিত সংসদে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে ইতোমধ্যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কিন্তু সংসদের পথচলা শুরুর ঠিক আগমুহূর্তে, ৩ মার্চ জুলাই জাতীয় জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন। মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর কার্যক্রম স্থগিত চেয়ে ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিটটি করেন। রিটে বলা হয়, অন্তর্বর্তী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ-২০২৫ এর মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ।জুলাই জাতীয় সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩ (৩) (৪) এবং ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর ১১ অনুচ্ছেদ বিরোধী।
আরও পড়ুনঃ বাংলার প্যাডেল স্টিমার নদীপথের কালজয়ী গাথা
উচ্চ আদালতের এই অবস্থান কি তবে দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারের পথে যবনিকা টেনে দেবে? যে সনদককে নতুন বাংলাদেশের ‘সামাজিক চুক্তি’ বা ‘ম্যাগনা কার্টা’ হিসেবে অভিহিত করা হয়েছিল, আইনি মারপ্যাঁচে পড়ে তার ভাগ্য এখন কোন সুতোয় ঝুলছে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। বিশেষ করে, যে রাজনৈতিক দলগুলো একসময় ঐকমত্যের ভিত্তিতে এই সনদে স্বাক্ষর করেছিল, ক্ষমতার পালাবদলের পর তাদেরই আইনজীবীদের এই আইনি চ্যালেঞ্জ কি কোনো গূঢ় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? আইনি লড়াই, রাজনৈতিক সদিচ্ছা আর গণআকাঙ্ক্ষার এই ত্রিমুখী সংঘাতের প্রেক্ষাপটে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ কি তবে প্রশ্নবোধক চিহ্নের মুখে কি না— ইতোমধ্যেই ভাবতে বসে গেছেন আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা।
২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছিল।
ছাত্র-জনতার মূল দাবি ছিল কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার। এই লক্ষ্যেই গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সংস্কারের কাজকে সুসংগঠিত করতে বেশ কিছু বিশেষায়িত কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য করতে গঠিত হয় ‘জাতীয় ঐকমত্য কমিশন’। তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই কমিশন দেশের প্রায় সবকটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় সংলাপ করে।দীর্ঘ আলোচনা, বিতর্ক এবং সংশোধনের পর তৈরি হয় ‘জাতীয় জুলাই সনদ’।
এই সনদ মূলত রাজনৈতিক প্রতিশ্রুতি এবং রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা, যেখানে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছিল। দেশের প্রায় সব রাজনৈতিক দলই এই সনদে স্বাক্ষর করে। এর ভিত্তিতেই পরবর্তীকালে একটি অধ্যাদেশ জারি করা হয় এবং সংস্কারগুলো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ কেবল একটি দলিল নয়, বরং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সামাজিক চুক্তির বহিঃপ্রকাশ। তবে বর্তমান আইনি চ্যালেঞ্জ এই চুক্তির বৈধতাকেই এখন কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ ছিল একটি অন্তর্বর্তী সরকারের বৈধতার দলিল। যখন কোনো দেশে গণঅভ্যুত্থান ঘটে, তখন বিদ্যমান সংবিধান অনেক সময় অকেজো হয়ে পড়ে। সেই সময় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যই হয় রাষ্ট্রের চালিকাশক্তি। কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর যখন সেই সনদকে আইনি চ্যালেঞ্জের মুখে ফেলা হয়, তখন বুঝতে হবে রাজনীতির মেরুকরণ বদলে গেছে। এখন প্রশ্ন উঠছে, যে দলগুলো একসময় সনদে স্বাক্ষর করেছিল, তারা কি এখন নিজেদের সার্বভৌম ক্ষমতা সংকুচিত করতে চাইছে না? হাইকোর্টের এই রুল কেবল আইনি বিষয় নয়, এর গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেও মনে করছেন কেউ কেউ।
বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিলেন, হাইকোর্টের এই রুল জারির পর কুমিল্লা স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, “গণঅভ্যুত্থানের হাজার লাশের ওপর দাঁড়িয়ে আজকের এই আদালত। গণঅভ্যুত্থানই এর বৈধতা। সংবিধান অনুযায়ী গণঅভ্যুত্থান হয়নি, ইন্টেরিম সরকার হয়নি, তারেক রহমানের সরকার হয়নি। পুরোনো সংবিধানের কথা বললে ফ্যাসিস্ট হাসিনাকেই মেনে নিতে হবে। বর্তমান সরকার কি তা মেনে নিতে প্রস্তুত?”
তিনি আরও বলেন, “গণভোটের গণরায়কে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি সে রায় মানব? আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো হাইকোর্ট না রাজপথ স্লোগান দিতে চাই না। আমাদের স্লোগান দিতে বাধ্য করবেন না। সংসদকে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার মেনে নিতে হবে। এর বিকল্প আমরা মেনে নেব না। জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না।”
জুলাই সনদের বাস্তবায়নকে জনমানুষের সরাসরি রায়ের ভিত্তিতে বৈধতা দিতে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হয়। গণভোটের মূল বিষয় ছিল—জনগণ জুলাই সনদ ও প্রস্তাবিত সংবিধান সংস্কারের পক্ষে কি না। গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়লাভ করে। সে সময় রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষকরা বলেছিলেন, গণভোটে জনগণের এই রায় জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ওপর একটি নৈতিক ও আইনি বাধ্যবাধকতা তৈরি করেছে।
কথা ছিল, নতুন নির্বাচিত সরকার সংসদে এই সনদকে আইনি কাঠামোতে রূপ দেবে এবং সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করবে। কিন্তু ৩ মার্চের হাইকোর্টের রুল পুরো বিষয়টিকে একটি জটিল গোলকধাঁধায় ফেলে দিয়েছে। রিট আবেদনকারীদের দাবি, সংবিধানের বিদ্যমান কাঠামোতে এ ধরনের গণভোট বা অধ্যাদেশ জারি করার প্রক্রিয়াটি ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা নিয়েও রিটে প্রশ্ন তোলা হয়েছে। এর ফলে ১২ মার্চের প্রথম অধিবেশনেই যে জুলাই সনদ আলোর মুখ দেখবে, এমন নিশ্চয়তা এখন আর কেউ দিতে পারছে না।
আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের মতে, গণভোটের মাধ্যমে জনগণের রায় পাওয়া সত্ত্বেও আইনি কারিগরি প্রশ্নে জুলাই সনদ স্থগিত হয়ে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাংলানিউজকে বলেছেন, “যেকোনো সংস্কার হতে হবে সংবিধানের ভেতর থেকে। অন্তর্বর্তী সরকারের এমন কোনো ক্ষমতা ছিল না, যা দিয়ে তারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে নিতে পারে।”
অন্যদিকে রিটের বিপক্ষে থাকা আইনজীবীদের দাবি, ৫ আগস্টের বিপ্লব ছিল একটি সংবিধান বহির্ভূত পরিস্থিতি। সেই বিশেষ পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপগুলোকে সাধারণ আইনের তুলাদণ্ড দিয়ে বিচার করা সঠিক হবে না। তবে হাইকোর্টের রুল জারির পর এখন আইনি লড়াই দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও উসকে দিচ্ছে বলে মনে করছেন তারা।
এদিকে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই রুল জারির পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, “আদালতের মাধ্যমে গণভোট-জুলাই সনদ অবৈধ ঘোষণা করার কোনো সুযোগ নেই।”
শিশির মনির বলেন, “দুটি ফরমায়েশি রিট পিটিশনের অংশ হিসেবে রুল জারি করা হয়েছে। ৫ আগস্টের পর সংস্কারের কর্মকাণ্ড পরিচালনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতানৈক্যের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো।”
এই আইনজীবী মনে করেন অতীতেও রাজনৈতিক সেটেলমেন্টের বাইরে গিয়ে আদালতে যেসব বিষয়কে সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছিল, তার ভালো ফলাফল দেখতে পাওয়া যায়নি। তিনি এই রিট পরিচালনার ক্ষেত্রে সরকারের একাংশের সরাসরি সম্পৃক্ততার অভিযোগও তোলেন।
জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করা হয়েছে, যা দেশের বিচারিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম এই রিটগুলো দায়ের করেন। তাদের প্রধান যুক্তি হলো, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা বিদ্যমান সংবিধানের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের কোনো সাংবিধানিক ভিত্তি নেই বলে তারা দাবি করেছেন।
রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও সৈয়দ মামুন মাহবুব শুনানিতে অংশ নিয়ে বলেন, কোনো কমিশন বা পরিষদ সংবিধান পরিবর্তনের এখতিয়ার রাখে না যতক্ষণ না পর্যন্ত তা নির্বাচিত সংসদের মাধ্যমে বৈধতা পায়। অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের এই রিটে সম্পৃক্ততা রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। বিএনপি নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়ার পর তাদেরই আইনজীবীদের এই চ্যালেঞ্জ কি সরকারের অঘোষিত কোনো অবস্থানের প্রতিফলন? এই প্রশ্ন এখন সর্বত্র।
এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে আরেকটি রিট দায়ের করেন, যেখানে জুলাই সনদকে সরাসরি সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। তিনি মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব এবং জাতীয় ঐকমত্য কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করেছেন। এই রিটে দাবি করা হয়েছে যে, ১২ ফেব্রুয়ারির গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই কারণ সংবিধানের চতুর্থ সংশোধনীতে গণভোটের বিধান বাতিল করা হয়েছিল এবং পরে তা বিভিন্ন সময়ে বিতর্কিত হয়েছে।
রিটকারীর মতে, একটি নির্বাচিত সংসদ গঠিত হওয়ার আগে এ ধরনের কোনো বড় পরিবর্তন জনগণের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ। এই আইনি লড়াইয়ের বিপরীতে এনসিপির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ইমরান এ সিদ্দিক অবস্থান নিয়েছেন। তারা মনে করেন, জুলাই সনদ ছিল একটি জাতীয় অঙ্গীকার এবং একে বাতিল করা মানে জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। এই আইনি বিতর্কের কেন্দ্রে এখন সংবিধানের শ্রেষ্ঠত্ব বনাম জনগণের বিপ্লবী ইচ্ছার দ্বন্দ্বটি প্রকট হয়ে উঠেছে।
নির্বাচনের আগে বিএনপি এই সনদে স্বাক্ষর করলেও, এখন তাদের আইনজীবীদের একটি বড় অংশ এই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হচ্ছেন বলে বিরোধী দলের আইনজীবীরা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বিএনপি এখনই চাইছে না পূর্বনির্ধারিত কোনো সনদের মাধ্যমে তাদের সংসদের ক্ষমতা সীমিত হয়ে পড়ুক। যদিও সনদে ঐকমত্যে আসা সংসদে ডেপুটি স্পিকারের ব্যাপারে (স্পিকার থাকবেন সরকারি দলের, ডেপুটি স্পিকার বিরোধী দলের) বিএনপি নিজ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামের কাছে নাম আহ্বান করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, যেহেতু বিএনপি বিপুল জনম্যান্ডেট পেয়েছে, তারা হয়তো মনে করছে সংবিধান সংস্কারের পূর্ণ কর্তৃত্ব কেবল সংসদেরই থাকা উচিত।
১২ মার্চ সংসদ অধিবেশন শুরুর আগেই হাইকোর্টের এই রুল সরকারকে একটি বড় অজুহাত তৈরির সুযোগ করে দিতে পারে বলেও ধারণা করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তারা বলছেন, যদি আদালত শেষ পর্যন্ত জুলাই সনদ বা গণভোটের প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে, তবে সরকার বলতে পারবে যে তারা আইনি সীমাবদ্ধতার কারণে এটি বাস্তবায়ন করতে পারছে না।
রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, “একটি বিপ্লবী পরিস্থিতির পর যখন কোনো দল ক্ষমতায় যায়, তখন তারা প্রায়শই ‘বিপ্লবী ম্যান্ডেট’ থেকে সরে এসে ‘সাংবিধানিক ম্যান্ডেট’-এর দিকে ঝুঁকতে পছন্দ করে। বিএনপির ভেতরে একটি অংশ হয়তো ভাবছে, জুলাই সনদে ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে প্রস্তাব রয়েছে, তা বাস্তবায়ন করলে সরকারের একক কর্তৃত্ব বজায় রাখা কঠিন হবে। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সনদকে বিলম্বিত করা বা বাতিল করা তাদের জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হতে পারে। আমি মনে করি এটা বিপজ্জনক হবে। কারণ জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো যদি মনে করে যে সরকার সংস্কারের পথ থেকে বিচ্যুত হচ্ছে, তবে রাজপথে আবারো অস্থিরতা শুরু হতে পারে।”
রিটের অন্যতম প্রধান বিষয় ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা। অন্তর্বর্তী সরকার যখন এই পরিষদ গঠন করে, তখন তাদের উদ্দেশ্য ছিল একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধানের খসড়া তৈরি করা। কিন্তু রিটকারীদের দাবি, বাংলাদেশের সংবিধানে এমন কোনো বিধান নেই যেখানে কোনো অ-নির্বাচিত ব্যক্তি সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ নিতে পারেন। এই শপথকে তারা ‘বেআইনি’ ও ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন। বিপরীতে বিবাদী পক্ষের আইনজীবীরা যুক্তি দিচ্ছেন যে, যখন রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা এই পরিষদ গঠন করেন, তখন তা রাষ্ট্রের প্রয়োজনে ‘ডকট্রিন অব নেসেসিটি’ বা প্রয়োজনীয়তার নীতি অনুযায়ী বৈধ। এই আইনি বিতর্ক কেবল আদালত কক্ষেই সীমাবদ্ধ নেই, এটি এখন জনগণের আলোচনার বিষয়বস্তুতেও পরিণত হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের মতে, তারা দীর্ঘ সময় ব্যয় করে জনগণের আকাঙ্ক্ষাগুলোকে এই সনদে একীভূত করেছিলেন। যদি তা আইনি কারণে বাতিল হয়ে যায়, তবে সংস্কারের পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হবে। তারা মনে করেন, বিচার বিভাগকে ব্যবহার করে রাজনৈতিক সংস্কার ঠেকানোর পুরনো সংস্কৃতি এখনো বহাল থাকলে, তা হবে সমস্যাজনক। অন্যদিকে, যারা শপথের বৈধতা চ্যালেঞ্জ করেছেন, তাদের যুক্তি হলো—সংস্কার প্রয়োজন হলেও তা নিয়ম মেনে হওয়া উচিত। কোনো ‘শর্টকাট’ পদ্ধতি সংবিধানের ক্ষতি করতে পারে। এই পরস্পরবিরোধী অবস্থানের কারণে ত্রয়োদশ সংসদের স্পিকার এবং সংসদ সদস্যদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তারা কি আদালতের আদেশের জন্য অপেক্ষা করবেন, নাকি সংসদীয় সার্বভৌমত্ব ব্যবহার করে জুলাই সনদকে রক্ষা করবেন?
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে হাইকোর্টের এই রুল জারি একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে এমন এক পরিবেশে, যেখানে একদিকে জয়ের আনন্দ আর অন্যদিকে আইনি জটিলতার কালো মেঘ। যদি হাইকোর্ট শেষ পর্যন্ত জুলাই সনদকে অবৈধ ঘোষণা করে, তবে তা হবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা ব্যক্তিদের জন্য একটি বড় পরাজয়। তবে রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, বর্তমান সরকার যদি সত্যিকার অর্থেই সংস্কার চায়, তবে তারা সংসদে নতুন আইন পাসের মাধ্যমে এই সনদকে বৈধতা দিতে পারে। কিন্তু সরকারের আইনজীবীদের রিট দায়েরের ঘটনাটি সরকারের সদিচ্ছাকেই এখন বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, জুলাই সনদ কেবল একটি কাগজ নয়, তা ছিল হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি প্রতিশ্রুতি। আইনি মারপ্যাঁচে যদি এই প্রতিশ্রুতি হারিয়ে যায়, তবে বাংলাদেশে পুনরায় স্বৈরাচারী ব্যবস্থার ফিরে আসার পথ প্রশস্ত হতে পারে। ১২ মার্চের অধিবেশনে প্রধানমন্ত্রী বা সংসদ নেতার বক্তব্য এই ধোঁয়াশা পরিষ্কার করবে বলে আশা করা হচ্ছে। আপাতত দেশবাসী তাকিয়ে আছে উচ্চ আদালতের চূড়ান্ত ফয়সালা এবং নবগঠিত সংসদের প্রথম পদক্ষেপের দিকে। জুলাই সনদ কি কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে, নাকি তা নতুন বাংলাদেশের ভিত্তি হয়ে উঠবে—তার উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক ও আইনি নাটকের ভেতরেই।
তথ্য সূত্রঃ banglanews24
key: আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন
tag: আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন
আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন | আটকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
